সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনে দেশীয় ঐতিহ্য ও শিকড়ের টান এবং বাংলাদেশি অনুভূতিকে উদ্যাপন করা হয়েছে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে বাংলাদেশের নিজস্ব কৃষ্টি, রঙিন সংস্কৃতি এবং অনন্য সৌন্দর্যকে এমনভাবে সামনে আনা হয়েছে, যা দর্শকের মনে গর্ব এবং হৃদয়ে দেশের প্রতি অনুরাগ তৈরি করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল গল্পে দেখা যায়, একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সেখানে উঠে আসে পুরান ঢাকার সরু অলিগলি, ঐতিহ্যের টমটম গাড়ি, কাবাব, বিরিয়ানি, জামদানি শাড়ি আর রাজকীয় জমিদারবাড়ি। স্বাদের খোঁজে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজশাহীর রসাল আম, বগুড়ার দই আর মন্ডা মিঠাই, ইলিশ; নাটোরের কাঁচাগোল্লা, চট্টগ্রামের মেজবানের কাছে। এ ছাড়া হাওর, নদী–নালা আর উত্তাল সাগরের দৃশ্যের সঙ্গে মেঠোপথের জারি–সারিগানের সুর সবই এক সুতায় গাঁথা হয়েছে।
