এরপরই দ্বিতীয়ার্ধে আর্সেনালকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ সামনে আনেন তিনি। পিএসজির বক্সের ভেতর নুনো মেন্দেসের ধাক্কায় ননি মাদুয়েকে পড়ে গেলে পেনাল্টি দাবি তুলেছিল আর্সেনাল; যদিও তাতে সাড়া দেননি রেফারি। আরতেতা বলেন, ‘পেনাল্টি কী এবং কী নয়, সেটা বোঝার জন্য গত ৭২ ঘণ্টায় আমি এই প্রতিযোগিতার সব পেনাল্টির ঘটনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে, ওই ঘটনাটি সহজেই পেনাল্টি হতে পারত।’
তবে বিষয়টি নিয়ে বেশি আক্ষেপ করতে চাননি স্প্যানিশ এই কোচ। তাঁর ভাষায়, ‘কিন্তু এগুলো সবই যদি-কিন্তুর আলোচনা। বাস্তবে তা ঘটেনি। আমাদের আরও ভালো করতে হবে। উন্নতি করতে হবে এবং এমন কিছু জায়গায় এগিয়ে যেতে হবে, যেগুলো শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফল এনে দেবে।’
ফাইনালের হতাশা পেছনে ফেলে আরতেতা ইতিমধ্যে আগামী মৌসুমের পরিকল্পনা নিয়েও ভাবতে শুরু করেছেন। তাঁর লক্ষ্য, আর্সেনালকে আবারও ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে ফিরিয়ে আনা এবং শিরোপার স্বপ্ন পূরণ করা।
