নাহ, এবারও হলো না। বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি। টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা।
জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। ৪১ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলেও গোল হজম করেনি তাঁরা। কিন্তু টাইব্রেকারে ইতালির হয়ে মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানন্তে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। ২০১৪ আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি তাঁদের। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালিই প্রথম দল, যাঁদের টানা তিন বিশ্বকাপে দেখা যাবে না।
বসনিয়া স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিল। ইতালির মতোই ২০১৪ বিশ্বকাপে সর্বশেষ খেলেছে বলকান অঞ্চলের দেশটি। সেটা ছিল তাঁদের অভিষেক বিশ্বকাপ। এবার দ্বিতীয় বিশ্বকাপে ‘বি’ গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে পেল বসনিয়া ও হার্জেগোভিনা।
