বসন্তের শুরুর দিক। হালকা রোদ, মৃদু বাতাস—আর সেই বাতাসে ভেসে আসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। তুমি বুঝে যাও, কোথাও না কোথাও আমগাছে মুকুল এসেছে। এই গন্ধ এতই পরিচিত আর প্রিয় যে অনেকের কাছে বসন্ত মানেই আমের মুকুলের সুবাস। কিন্তু কখনো ভেবে দেখেছ, এই মনমাতানো গন্ধ আসলে কেন তৈরি হয়?

চলো, সহজভাবে এই রহস্যটা খুলে দেখা যাক।

মুকুল মানে কী

প্রথমেই জানা দরকার, মুকুল আসলে কী। আমগাছে যখন ফুল ধরার সময় আসে, তখন ছোট ছোট অসংখ্য ফুল একসঙ্গে গুচ্ছ আকারে ফুটতে শুরু করে। এই ফুলের গুচ্ছকেই বলা হয় ‘মুকুল’। একটা মুকুলে শত শত ক্ষুদ্র ফুল থাকতে পারে।

এই ছোট ফুলগুলোই পরে আমে পরিণত হয়। তবে সব ফুল থেকে কিন্তু আম হয় না—কিছু ঝরে যায়, কিছু টিকে থাকে।

গন্ধের আসল রহস্য: ভলাটাইল কম্পাউন্ড

এবার আসল প্রশ্ন—এই গন্ধ আসে কোথা থেকে?

আমের মুকুলে থাকে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ, যেগুলোকে বলা হয় ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (Volatile Organic Compounds বা VOCs)।

‘ভলাটাইল’ মানে হলো যেগুলো খুব সহজেই বাতাসে মিশে যায়।

এই VOCs-গুলোই বাতাসে ছড়িয়ে পড়ে এবং আমাদের নাকে এসে লাগে। তখন আমরা সেই মিষ্টি, হালকা ঝাঁজালো, কখনো একটু মাদকতাময় গন্ধ পাই।



Source link