রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সুলতানা আক্তার তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ এবং দায়ী ব্যক্তি বা সংস্থাকে চিহ্নিত করেছে। ভবিষ্যতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমরা কাজ করছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি। সদস্যদের সম্মিলিত উপস্থিতিতে কয়েক পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছি। অত্যন্ত গোপনীয় হওয়ায় এ মুহূর্তে কিছুই বলতে পারছি না।’
