গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে দুই সাংবাদিককে আটকের পর চান্দিনা থানায় নেওয়া হয়। দুই সাংবাদিকের অভিযোগ, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পুলিশ তাঁদের হাতকড়া পরায়। থানায় নেওয়ার পর বিকেল চারটার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দুই সাংবাদিকের হাতে হাতকড়া পরানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন স্থানীয় দৈনিক আমার শহর-এর দেবীদ্বার প্রতিনিধি আবদুল আলীম ও দৈনিক মানবজমিন পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার। তবে ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরের ভাষ্য, পুরো ঘটনাটি হয়েছে ভুল–বোঝাবুঝির কারণে। হাতকড়া পরানোর আগপর্যন্ত জানতেন না ওই দুজন সংবাদকর্মী। পরে দুই পক্ষ বসে বিষয়টি সমাধান করা হয়েছে।



Source link