৯ মিনিটে করা এবারেচি এজের দারুণ এক গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে এই স্নায়ুক্ষয়ী ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপার লড়াই আরও জমিয়ে তুলল গানাররা।
বুধবার বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ ব্যবধানের জয়ে গত অক্টোবরের পর প্রথমবারের মতো শীর্ষস্থান হারিয়ে কোনো লিগ ম্যাচ শুরু করতে হয়েছিল আর্সেনালকে। তবে এজের সেই চোখধাঁধানো বুলেট গতির শট গানারদের আবারও সিংহাসনে বসিয়েছে।
চলতি মৌসুমে এটি এজের ১০ম গোল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল। গানাররা যখন লিগ লড়াইয়ে ব্যস্ত, তখন সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার সিটি।
