যে দেশে হাজার হাজার কোটিপতির বাস, যে দেশে সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় কোটি টাকা কয়েক দিনের মধ্যে গণচাঁদা তুলে জোগাড় করে ফেলা যায়, যে দেশে অসংখ্য-অগণিত মানুষ প্রতিদিন বিনোদনের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, সেই দেশে আফরিন ‘আব্বা, আমার ব্যথা লাগতেছে’ বলতে বলতে মরে যাবে, এটা কেমন কথা!
মধ্যবিত্তের ‘আত্মসম্মানবোধ’ প্রবল হয়। তারা না খেয়ে থাকে কিন্তু চাইতে পারে না। কিন্তু কন্যার শারীরিক যন্ত্রণা পিতার সহ্য করা কঠিন। তাই অসহায় হয়ে আবুল হোসেন মেয়ের উন্নত চিকিৎসার জন্য সেই ‘অলৌকিক’ মানুষের কাছে সহায়তা চেয়েছে।
আফরিন এই পৃথিবীর সন্তান। তাঁর চিকিৎসার খরচ জোগানোর দায় ছিল তার মা-বাবার। তাঁরা সব হারিয়ে এখন যেহেতু সর্বস্বান্ত, সেহেতু সেই দায় আমাদের। এই দায় অস্বীকারের কোনো পথ নেই।
কোনো হৃদয়হীন কোটিপতি এই দায় এড়াতে চাইলে এড়াতে পারেন, কিন্তু ধনী-গরিব যেকোনো হৃদয়বান মানুষ এর দায় এড়াতে পারেন না।
