আজ বুধবার সকালে আক্কেলপুর থানায় গিয়ে দেখা যায়, মাসুমের মা রুমি আক্তার থানায় বসে বিলাপ করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তোরা জমি লিবি লে, মোর বুকের ধনের ম্যারে ফেললু ক্যান। হামি তোরকে ফাঁসি চাই।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুমের দাদার কাছ থেকে কিছু জমি কিনেছিলেন গোলাম মোস্তফা। তবে অভিযোগ আছে, তিনি কেনা জমির চেয়ে বেশি জমি ভোগদখল করছিলেন। পরে মাসুমের বাবা ও চাচারা জমি মাপজোখ করে দখলে থাকা অতিরিক্ত অংশ উদ্ধার করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্বজনদের দাবি, ওই বিরোধকে কেন্দ্র করেই এর আগেও মাসুমের দাদা ফজলুর রহমান ও তাঁর ছেলে রতন মণ্ডল (মাসুমের চাচা) নিহত হন। এসব ঘটনায়ও গোলাম মোস্তফা ও তাঁর লোকজনের সম্পৃক্ততার অভিযোগ আছে। এসব ঘটনায় করা মামলায় গোলাম মোস্তফা ও তাঁর লোকজনকে আসামি করা হয়েছিল।



Source link