নাম প্রকাশ না করা একাধিক সূত্র দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিমূলক কর্মশালায় দলগুলোর পক্ষ থেকে ফিফার কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে। ফিফা ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে, যাতে অংশগ্রহণকারী ফেডারেশনের অফিশিয়াল প্রতিনিধিদের এ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অফিশিয়াল প্রতিনিধিদের মধ্যে আছেন খেলোয়াড়, কোচ, সহযোগী স্টাফ ও ফেডারেশনের নির্বাহীরা। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এঁদের কোনো একটি অংশকে বা সবাইকে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেবে কি না, সেটি আপাতত অস্পষ্ট। তবে দেশগুলোর দর্শকদের জন্য বন্ড নিয়ে কোনো আলোচনাই এ মুহূর্তে নেই।
ভিসা বন্ডের তালিকায় থাকা পাঁচ দেশের সব কটিকে অবশ্য বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রে যেতে হবে না। আলজেরিয়া ও কেপ ভার্দের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই মেক্সিকোয়। দ্বিতীয় রাউন্ডে উঠলে তবেই যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার হবে। অন্য দলগুলোর মধ্যে তিউনিসিয়ার গ্রুপ পর্বের একটি এবং সেনেগাল ও আইভরি কোস্টের দুটি করে ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই।
