প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল নিজেদের সবচেয়ে সস্তা ল্যাপটপ ‘ম্যাকবুক নিও’ বাজারে এনেছে। মার্চ মাসের শুরুতে অ্যাপল জানিয়েছিল, ম্যাকবুক নিও হচ্ছে অ্যাপলের প্রথম ল্যাপটপ, যেখানে আইফোনের একটি চিপ ব্যবহার করা হয়েছে। এর শুরুর দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার। এমন দামে ল্যাপটপ বাজারে আনার কারণ, অ্যাপল নতুনভাবে উইন্ডোজ ও ক্রোমবুক ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। বিশেষ করে এখন বিশ্বজুড়ে চিপ বা কম্পিউটার যন্ত্রাংশের বাজারে ঘাটতি তৈরি হয়েছে।
অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টারনাস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ম্যাকবুক নিও ‘পুরোপুরি নতুন’।
অ্যাপলের সবচেয়ে সফল পণ্য হলো আইফোন। আইফোন বিক্রি করে অ্যাপল সবচেয়ে বেশি আয় করে। এরপর আছে তাদের সার্ভিস ব্যবসা এবং ওয়্যারেবলস বিভাগ। তবে ম্যাক কম্পিউটারগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ, এগুলো আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেমের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। এবার অ্যাপল নিজেদের প্রচলিত কৌশল থেকে কিছুটা সরে এসে কম বাজেটের ক্রেতাদের কাছে পৌঁছাতে চেষ্টা করছে। এই বাজার এত দিন পিসি ও ক্রোমবুক নির্মাতাদের দখলে ছিল। বিশ্লেষকেরা বলছেন, বাজারে চলমান মেমোরি–সংকট কম দামের ল্যাপটপ বাজারকে বড় আকারে ক্ষতি করতে পারে।
