স্বীকৃত টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে এখন উইকেট নেওয়ায় সবার ওপরে মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে এ সংস্করণে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬।
রেকর্ডটি গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন এমন একজনকে, যাঁকে তিনি নিজের আদর্শ মানেন। ক্যারিয়ারের শুরুর দিকেই মোস্তাফিজ জানিয়েছিলেন, তাঁর আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে টপকেই এখন টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্বটা নিজের করে নিলেন বাংলাদেশ পেসার।
