দেশের ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। সেই সাদা-কালো শিবিরের গোলপোস্ট সামলানো এক সাবেক প্রহরী এখন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। তিনি মোহাম্মদ রেজাউল হাকিম। বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা এই ফুটবলার আজ বিশ্বকাপ ফুটবল খেলা দেশ কানাডার সকার অঙ্গনে এক অতিপরিচিত নাম। বর্তমানে তিনি টরন্টোর অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব রিচমন্ড হিল সকার ক্লাবের (আরএইচএসসি) গোলকিপিং ম্যানেজার ও টেকনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতিঝিলের মোহামেডান থেকে কানাডায়

মোহাম্মদ হাকিমের ফুটবল–যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের মাটি থেকেই। পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলে। কিন্তু খেলার মাঠ ছাড়ার পর তাঁর আসল লড়াই শুরু হয় ডাগআউটে, কোচ হিসেবে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং বর্তমানে কানাডায় অত্যন্ত সুনামের সঙ্গে গোলকিপারদের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

জেদ্দা স্পোর্টস ক্লাব এবং এমনকি বিশ্বখ্যাত ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর জেদ্দা একাডেমিতেও তিনি হেড গোলকিপার কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর এই দক্ষতা আজ তাঁকে উত্তর আমেরিকার ফুটবল কোচিংয়ের এক উচ্চ শিখরে নিয়ে গেছে।



Source link