যুক্তরাষ্ট্রের বৃহত্তম অনলাইন ট্রাভেল ইনস্যুরেন্স বা ভ্রমণ বিমা মার্কেটপ্লেস স্কয়ারমাউথ গবেষণার জন্য প্রথমে জাতিসংঘের মানব উন্নয়ন সূচক অনুযায়ী ১১৩টি দেশের একটি তালিকা তৈরি করে।
এই সূচক কোনো দেশের সামগ্রিক উন্নয়ন—যেমন শিক্ষা, আয় এবং জীবনমান পরিমাপ করে। এরপর তারা দেশগুলোর নিরাপত্তা মূল্যায়নের সময় দেশের অপরাধের হার, রাতে একা হাঁটার সময় মানুষ কতটা নিরাপদ মনে করে, স্বাস্থ্যসেবার মান, গ্লোবাল পিস ইনডেক্সে দেশের অবস্থান এবং অন্যান্য সামাজিক ও নিরাপত্তাসংক্রান্ত সূচক—এসব বিষয় বিবেচনা করে।
প্রতিটি বিষয়কে শূন্য থেকে ১০ স্কেলে মূল্যায়ন করা হয় এবং সেসবের গড় স্কোরের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে কোন দেশ বেশি নিরাপদ আর কোনটি বেশি ঝুঁকিপূর্ণ। যে দেশ কম নম্বর পায়, সেটি বেশি নিরাপদ। আর যে দেশ বেশি নম্বর পায়, সেটি বেশি ঝুঁকিপূর্ণ।
তবে এই তালিকা শুধু একটি সাধারণ ধারণা দেয়। কারণ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধের মতো পরিস্থিতিতে যেকোনো সময় কোনো দেশের নিরাপত্তা বদলে যেতে পারে। এ ছাড়া কোনো দেশ সাধারণভাবে ‘নিরাপদ’ হলেও নারী বা সংখ্যালঘুদের জন্য তা সব সময় সমান নিরাপদ না–ও হতে পারে।
