এদিকে ডিজেল নিয়ে আজ রাত ১১টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আরও দুটি জাহাজের। ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে আসছে প্রায় ৩৫ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের অংশই সবচেয়ে বেশি, প্রায় ৬৩ শতাংশ। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন—সব খাতেই এর ওপর নির্ভরতা বেশি। বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।
ইতিমধ্যে মাসের শুরুতে ৩ এপ্রিল ২৭ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি ইউয়ান জিং হে’। একই দিন দিবাগত রাত দুইটার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজে আসে আরও ৩৪ হাজার টন। নতুন দুটি জাহাজ যুক্ত হলে সরবরাহের চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
