জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তবে তিনি তেল পাননি।
আজ বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘তেল শুধু মহান সংসদে। এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।’
সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোট বৈধ। গণভোট বৈধ হলে অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। না হলে ১৮০ দিন পর এই সংসদ অবৈধ হয়ে যাবে।
এই সংসদ সদস্য বলেন, যাঁরা জীবন দিয়েছেন তাঁদের স্লোগানে রাষ্ট্র মেরামতের কথা ছিল। শহীদেরা রাষ্ট্রকে মেরামত করতে রক্ত দিয়েছেন। সংবিধান পরিবর্তন না করে সংশোধন করা হলে রাষ্ট্র মেরামত হবে না।
