চিঠিতে বলা হয়েছে, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। এ লক্ষ্যে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান Code.org বিশ্বব্যাপী ‘আওয়ার অব এআই’ গ্লোবাল কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে বাংলাদেশেও ‘আওয়ার অব এআই’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কোডিং ও প্রোগ্রামিং কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) কারিগরি সহায়তায় আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) ও জেলা শিক্ষা অফিসারদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। ২৬ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬ ক্যাম্পেইনটি হতে যাচ্ছে, যা সারা দেশের সব মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পরিচালিত হবে। কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক বাতায়নের ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা যেতে পারে। এই শিক্ষকেরা সংযুক্ত গাইডলাইন অনুসারে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ (konnect.edu.bd) প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন এবং আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা), জেলা শিক্ষা অফিসার ও উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় অনলাইন মিটিং, মাঠপর্যায়ে নির্দেশনা দেবেন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।



Source link