ট্রাম্প বলেন, স্কটল্যান্ড ও কেনটাকির মধ্যে হুইস্কি ও বোরবন শিল্পের সম্পর্ক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাঠের ব্যারেল ব্যবহারের ক্ষেত্রে। কেনটাকিতে ব্যবহৃত বোরবন (একধরনের হুইস্কি) ব্যারেলের বড় ক্রেতা স্কচ হুইস্কি শিল্প, যা প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যারেল আমদানি করে।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি সব বিধিনিষেধ তুলে নিয়েছি, যাতে স্কটল্যান্ড ও কেনটাকি আবার ব্যবসা শুরু করতে পারে।’
এর আগে যুক্তরাষ্ট্রে হুইস্কি রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে স্কটিশ হুইস্কির বিক্রি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যা তাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। একই সঙ্গে স্থগিত থাকা একক মাল্ট হুইস্কির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আবার চালুর আশঙ্কাও ছিল।
স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের পরিচালক গ্রেম লিটলজন জানান, তাঁরা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, শুল্কের কারণে প্রতি সপ্তাহে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড মূল্যের রপ্তানি ক্ষতি হচ্ছিল, যা বছরে দাঁড়ায় প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড।
