ব্যাগপত্র গুছিয়ে বিশাল এক রোমাঞ্চকর অভিযানের জন্য তৈরি হয়ে যাও। আজ আমরা যাব পৃথিবীর একদম শেষ প্রান্তে! তবে সত্যি সত্যি নয়, কল্পনায়। পৃথিবী গোল বলে তুমি হয়তো বলতে পারো, এর আবার শুরু বা শেষ কোথায়? ভৌগোলিকভাবে কথাটা সত্যি হলেও মানুষের বসতির কিন্তু একটা শেষ সীমানা আছে। মানুষের তৈরি সবচেয়ে উত্তরের ও সবচেয়ে দক্ষিণের শহরগুলো ঠিক কোথায় অবস্থিত? সেখানকার জীবনযাত্রা কেমন?
প্রথমে চলো যাই পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। মানচিত্রে দক্ষিণ মেরুর দিকে চোখ বোলালে দেখবে ৪৫ ডিগ্রি অক্ষাংশের পর থেকে মানুষের বসতি প্রায় নেই বললেই চলে। সেখানে শুধু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং চিলি, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের একেবারে শেষ মাথাটুকু চোখে পড়ে।
তাহলে পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর কোনটি? প্রধানত তিনটি শহরের মধ্যে দারুণ লড়াই চলে। চিলির পুয়ের্তো উইলিয়ামস ও পুন্তা আরেনাস এবং আর্জেন্টিনার উশুইয়া। সবচেয়ে দক্ষিণে অবস্থিত চিলির পুয়ের্তো উইলিয়ামস। এটি এতই দক্ষিণে যে মানচিত্রে দেখলে মনে হবে, এটি বুঝি দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গেই লেগে আছে। কিন্তু এটি আসলে একটি দ্বীপ। তবে এখানে সমস্যা হলো জনসংখ্যা। মাত্র দুই হাজার মানুষের এই ছোট্ট জায়গাকে অনেকেই শহর হিসেবে মানতে নারাজ। এরপর আসে চিলির পুন্তা আরেনাস। এর জনসংখ্যা পুয়ের্তো উইলিয়ামসের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি, আধুনিক অনেক সুবিধাও আছে। কিন্তু ভৌগোলিকভাবে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তাই একেও সবচেয়ে দক্ষিণের শহর বলাটা ঠিক মানানসই হয় না।
