গবেষণার অংশ হিসেবেই বাংলাদেশকে কেন্দ্র করেও একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন শামস। ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’ শিরোনামের এই চলচ্চিত্র ঢাকার হাজারীবাগ এলাকার বৃহত্তর আর্ট ফাউন্ডেশন ও শিল্পী–শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীকে ঘিরে নির্মিত হচ্ছে। এতে সহপরিচালক হিসেবে রয়েছেন ঢাকাভিত্তিক নির্মাতা সাদ্দাম হোসেন।
নির্মাতা জানান, হাজারীবাগের পুরোনো ট্যানারি ভবনের ছাদে গড়ে ওঠা বৃহত্তর আর্ট ফাউন্ডেশনকে কেন্দ্র করে বিশ্বজিৎ গোস্বামীর ‘গঙ্গাবুড়ি’, ‘পদ্ম’ ও ‘হাজারীবাগ’ প্রকল্পগুলো নতুন মাত্রা পেয়েছে। এসব প্রকল্পে বুড়িগঙ্গা নদীর দূষণ, নগরজীবনের সংকট ও প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবনসংগ্রাম উঠে এসেছে।
শামস বলেন, ‘এই প্রকল্পগুলোয় বুড়িগঙ্গা নদীর দূষণের বাস্তবতা, নগরজীবনের সংকট ও প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবনাভিজ্ঞতা একসূত্রে যুক্ত হয়েছে, যা আমার গবেষণার সঙ্গেও সম্পর্কযুক্ত। তাই এই বিষয়গুলো নিয়েই আমি প্রামাণ্যচিত্র নির্মাণে উদ্যোগী হয়েছি।’
