ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক বলেন, বিশ্বে প্রায় ১৪০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপ শরীরের প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণেই একে ‘নীরব ঘাতক’ বলা হয়।
নারীদের স্বাস্থ্যসচেতনতার বিষয়টি তুলে ধরে ফজিলা-তুন-নেসা বলেন, সামাজিক ও পারিবারিক কারণে অনেক নারী নিজেদের শারীরিক সমস্যাকে গুরুত্ব দেন না এবং দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হন। ফলে জটিলতা বাড়ে। নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
গর্ভকালে উচ্চ রক্তচাপ নারী ও শিশুদের জন্য ঝুঁকি
গর্ভকালীন উচ্চ রক্তচাপ মা ও শিশুর জন্য বড় ঝুঁকি বলে জানান জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের প্রসূতি ও গাইনি বিভাগের অধ্যাপক এস কে জিন্নাত আরা নাসরীন। তিনি বলেন, গর্ভকালে উচ্চ রক্তচাপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা, যা মাতৃমৃত্যুর ২০ থেকে ২৪ শতাংশের জন্য দায়ী হতে পারে। তাঁর মতে, বাংলাদেশে মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণও এই গর্ভকালীন উচ্চ রক্তচাপ। এ অবস্থায় রোগীর খুব ঘন ঘন পর্যবেক্ষণ ও চিকিৎসকের নিবিড় তদারকি প্রয়োজন।
শিশু ও তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক তওফিক শাহরিয়ার হক। তিনি বলেন, উচ্চ রক্তচাপ শুধু প্রাপ্তবয়স্কদের সমস্যা নয়, শিশু ও তরুণদের মধ্যেও এর ঝুঁকি বাড়ছে। প্রতি ১০ হাজার শিশুর মধ্যে অন্তত আটজন জন্মগত হৃদ্রোগ নিয়ে জন্মায় এবং অনেকেই পরে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়।
