আমরা সাধারণত ভাবি, গতকাল যে মানুষটা ছিলাম, আজও আমরা সেই একই মানুষ আছি। সময়ের সঙ্গে আমরা বদলাই ঠিকই, তবু আমাদের মনে হয়, আমি তো সেই আগের আমিই। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, নিজের সম্পর্কে এই ধারণা আসলে মস্তিষ্কের তৈরি একটি চলমান প্রক্রিয়া, যা প্রতিনিয়ত বদলায়।
জীবনের চলার পথে আমরা অনেক বদলাই। শিশু থেকে বড় হই, নতুন কিছু শিখি, আবার পুরোনো অনেক কিছু ভুলে যাই। নতুন সম্পর্ক গড়ি, পুরোনো সম্পর্কগুলো হারাই। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে প্রতিনিয়ত নানা কিছু অনুধাবন করি। এসবের মধ্য দিয়ে আমরা পরিণত হই, তবু মনে হয় আমরা একই ব্যক্তি। কারণ, মস্তিষ্ক সব সময় আমাদের পরিচয়কে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করে।
১৯৪০ থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত চিকিৎসার জন্য কিছু মৃগীরোগীর মস্তিষ্কের দুই অংশের সংযোগ কেটে দেওয়া হতো। এতে অদ্ভুত কিছু ঘটনা দেখা যেত। রোগীর এক হাত হয়তো জামার বোতাম লাগাচ্ছে, তো অন্য হাত আবার তা খুলে দিচ্ছে! তা সত্ত্বেও রোগীরা নিজেদের একক ব্যক্তি হিসেবেই অনুভব করতেন। এমনকি তাঁরা নিজেদের এ ধরনের আচরণের একটা ব্যাখ্যাও বানিয়ে নিতেন। অর্থাৎ মস্তিষ্ক একটা গল্প তৈরি করে হলেও প্রতিনিয়ত নিজের সম্পর্কে ধারণাটি একই রাখে।
