ট্রাম্পের এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিন দিনের যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি জানান, চার বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ অবসানে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে তিন দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে।
পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলোচনার পরিপ্রেক্ষিতে এ সমঝোতা হয়েছে। মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সময় এ বিষয়ে সম্মতি তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গে যোগাযোগ করেন।
এই রুশ কর্মকর্তা আরও জানান, ওই টেলিফোন আলোচনায় দুই প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁদের দেশ দুটি মিত্র ছিল বলে জোর দেন এবং বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
