যেভাবে স্ট্রিট ফুড ও জাঙ্ক ফুড লিভারের ক্ষতি করে
রাস্তার পাশের মুখরোচক খাবার কিংবা প্রক্রিয়াজাত জাঙ্ক ফুড দেখতে ও খেতে যতই আকর্ষণীয় হোক, এগুলোর বেশিরভাগেই থাকে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, নিম্নমানের তেল, অতিরিক্ত লবণ, চিনি ও কৃত্রিম স্বাদবর্ধক উপাদান।
একই তেল বারবার ব্যবহার করে ভাজা খাবারে তৈরি হয় ক্ষতিকর টক্সিন, যা লিভারের কোষের ওপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত কোমল পানীয়, বার্গার, ফ্রাইড চিকেন, চিপস বা প্রসেসড মাংস শরীরে চর্বি জমাতে সাহায্য করে। ফলে লিভারে ফ্যাট জমে তৈরি হয় নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অন্যদিকে অতিরিক্ত চিনি ও ফ্রুক্টোজ লিভারে গিয়ে চর্বিতে রূপ নেয়। নিয়মিত জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে প্রদাহ বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং ধীরে ধীরে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে থাকে।
