মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জমায়েত স্থগিত করা হয়েছে। এই দুই দেশে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ‘ইসলামি বিষয়াবলি, ওয়াক্ফ ও জাকাত’বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সারা দেশের মসজিদগুলোর ভেতরেই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদগাহে নামাজের আয়োজন করা হবে না। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ সিদ্ধান্ত পুরো আমিরাতের জন্যই প্রযোজ্য। ঐতিহ্যবাহী উন্মুক্ত ঈদগাহে এবার ঈদের নামাজ হবে না।
