সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’
আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৫০০ নেতা-কর্মী তাঁদের দলে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে এনসিপিতে যোগ দিতে আসা প্রায় ৫০ জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা আগে কে কোন দলের রাজনীতি করতেন এবং তাঁদের পদ কী ছিল, তা অনুষ্ঠানমঞ্চ থেকে ঘোষণা করা হয়।
