ধীরে ধীরে ছবর আলী বললেন, ‘আমরা এই ঘরের মধ্যি ছয়জন মিলে থাকি। নিজেগের কোনো জায়গাজমি নাই। ভিক্ষা করি, মানুষ যা দেয়, তা–ই দিয়া খাই। যদি কোথাও একখান ঘর পাইতাম, আমরা সেইখানে গিয়া থাকতাম। এই রাস্তার পাশে শান্তি নাই। কেউ কেউ আইসে কয়, এই জায়গা তাগের জমি, এইখান থেইকে উঠে চইলে যাতি হবে।’
পাশে বসে থালাবাসন ধোয়ার ফাঁকে কথা বলেন ছবর আলীর মেয়ে আসমা বেগম। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি বুদ্ধিপ্রতিবন্ধী। তবু সংসারের গল্প বলতে ভুল হয় না তাঁর।
আসমা বেগম বলেন, ‘আমরা এলাকায় এলাকায় ঘুরি, ভিক্ষা করি। আমার বর আছে, মাঝেমধ্যে আসে। এখন খুলনা শহরে আছে।’ এই ঘরে কারা থাকেন, জানতে চাইলে আঙুল গুনে তিনি বলেন, ‘আমি, আমার বর, দুইডা বাচ্চা, আব্বা আর আম্মা।’
ঘরের চারপাশের এত কম্বল কোথা থেকে এল, প্রশ্ন করতেই শিশুর মতো হেসে ওঠেন আসমা। বলেন, ‘শীতকালে মানুষ দেয়। প্রতিবছর দু-একটা পাই। এইবার জমানো সব কয়টা দিয়া ঘরটা বানাইছি। আবার শীত আইলে খুলে গায়ে দিবানে।’
