রোম মাস্টার্স। গ্র্যান্ড স্লামের বাইরে টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটির পোশাকি নাম ইতালিয়ান ওপেন। সেই ইতালিয়ান ওপেনের পুরুষ এককটা ৫০ বছর ধরেই অধরা ছিল ইতালিয়ানদের। অবশেষে আজ পাঁচ দশকের সেই অপূর্ণতা দূর হলো ইয়ানিক সিনারে র্যাকেটে। আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালিয়ান হিসেবে রোম মাস্টার্সের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার।
ফোরো ইতালিকোর লাল মাটির কোর্টে রোববারের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। এই জয়ের মধ্য দিয়ে নোভাক জোকোভিচের পর মাত্র দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে অসাধারণ এক কীর্তিও গড়লেন তিনি। গ্র্যান্ড স্লামের বাইরে টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ নয়টি ‘মাস্টার্স ১০০০’ টুর্নামেন্টের সব কটিই অন্তত একবার জিতে ‘গোল্ডেন মাস্টার্স’ পুরো করলেন সিনার।
