প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন আইনের অধীন একটি এলিট ফোর্স হিসেবে এটা বাহিনী থাকবে। র্যাবের নাম পরিবর্তন করা হবে কি না, নাকি অন্য নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে, সেটি এখনো সরকার বিবেচনা করছে।’
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে সরকারের কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না, যা ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মনে রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।
