ফ্লাডলাইটের আলোয় ঝলমলে গ্যালারি। একদিকে স্বাগতিক বসুন্ধরা কিংসের সমর্থকদের ঢাক-ঢোলের আওয়াজ, অন্যদিকে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের মোহামেডান সমর্থকদের নেচে-গেয়ে গগনবিদায়ী উল্লাস। এমনকি গ্যালারির এক পাশে শোভা পাচ্ছিল মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাউর রহমান ওরফে আতা ভাইয়ের বিশাল এক প্রতিকৃতি।
এমন এক জমজমাট ও আবেগঘন আবহে মাঠে গড়াল ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনাল। মাঠের বাইরের সব নাটকীয়তা পেছনে ফেলে শেষ পর্যন্ত দুবার পিছিয়েও ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের হ্যাট্রট্রিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এটি তাদের টানা তৃতীয় ফেডারেশন কাপ শিরোপা এ নিয়ে মৌসুমের তিনটি শিরোপাই জিতল কিংস।
