বর্তমানে ভারতজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিষয় নিয়ে শোরগোল চলছে। সেটি হলো ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। নাম শুনে মনে হবে এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল। তবে আসলে এটি একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে এর জন্ম। আর প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি হয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে ১৬ মে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আত্মপ্রকাশ ঘটে। এই ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সিজেপি ইন্টারনেটে ঝড় তোলে।

বর্তমানে ইনস্টাগ্রাম সিজেপির অনুসারীর সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। ভারতের যেকোনো রাজনৈতিক দলের চেয়েও এটি বেশি। আইনি নোটিশের কারণে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে দলটির অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে এর ২ লাখের বেশি অনুসারী ছিল। অভিজিৎ দিপকের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন অনেক রাজনীতিবিদ, অধিকারকর্মী ও শিল্পী।



Source link