আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সমবেত প্রকৌশলীদের মির্জা ফখরুল বলেন, ‘আমি এখন যে মন্ত্রণালয়ে কাজ করছি, এই মন্ত্রণালয়ের কাজটাই প্রকৌশলীদের নিয়ে। একদিকে স্থানীয় সরকার প্রকৌশল আছে, সেই সঙ্গে ওয়াসা আছে, জনস্বাস্থ্য প্রকৌশল আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের মিনিমাম রিকোয়ারমেন্টস (ন্যূনতম চাওয়া) যেগুলো, সেগুলোকে আপনারা পরিকল্পনা ও বাস্তবায়ন করেন এবং জনগণের উপকারের জন্য কাজ করেন। আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক, প্রত্যাশাও অনেক। আপনারা যে পরিকল্পনা ও কাজগুলো করবেন, সেই কাজগুলো যেন জনগণের সত্যিকার অর্থেই কাজে লাগে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের খুব দুঃখ হয়, যখন পত্রিকায় দেখি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর, সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। সেটা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিভাগ থেকেই হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা দয়া করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।’
