দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ভিজিডির চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
