বৃক্ষরোপণ, বৃক্ষ প্রদর্শনী, ফল বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ জুন ‘সবুজের ছায়াতলে’ শিরোনামে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার মো. কামরুল হোসেন ও এ এন এম আহসান তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি নূর ই আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তানজিম ঐশীসহ অন্যান্য অতিথি ও বন্ধুরা।

অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজের ছায়াতলে’ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তী সময়ে তাঁরা বৃক্ষ প্রদর্শনী পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে অবগত হন। এরপর শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
আলোচনা পর্বে অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের কোনো বিকল্প নেই।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও অন্যান্য পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থীরা। প্রাণবন্ত আয়োজন, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ও আশপাশের এলাকা দিনভর উৎসবমুখর হয়ে ওঠে।
সমাপনী পর্বে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, বিশ্ব পরিবেশ দিবসের চেতনাকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
