চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের অজ্ঞাতনামা (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী।
আহত ব্যক্তিদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি আইল্যান্ডে তুলে দেয়। বাসটি ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
এদিকে, মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ সকাল ছয়টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক (আইয়ুব) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, এনামুল হক আইয়ুব তাঁর প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
