ফুটবল ইতিহাসে এমন কিছু রাত আসে, যা পুরো বিশ্বকে মুহূর্তের জন্য থমকে দেয়। ২০১৪ সালের ৮ জুলাই শুধু ব্রাজিল নয়, থমকে গিয়েছিল পুরো বিশ্ব। অভিশপ্ত এক রাত পার করেছিল বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা ব্রাজিল ভক্তরা। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে সেদিন ইতিহাস গড়েছিল জার্মানি, ৭-১ গোলের পরাজয় স্তব্ধ করে দিয়েছিল পুরো ব্রাজিলকে।
ফুটবল ব্রাজিলের কাছে কেবল একটি খেলা নয়, ফুটবল মিশে আছে ব্রাজিলিয়ানদের রক্তে। সেই ব্রাজিলে যখন ২০১৪ বিশ্বকাপের আসর বসল, তখন সবাই উন্মুখ হয়ে ছিলেন বিশ্বকাপটা নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য। ব্রাজিলের মাটিতে শেষ বিশ্বকাপ হয়েছিল ৬৪ বছর আগে, সেবার উরুগুয়ের কাছে হারার ক্ষত জ্বলজ্বল করেছে ব্রাজিলিয়ানদের বুকে। ২০১৪ সালে যখন বিশ্বকাপ আবারও ব্রাজিলে ফিরল, পুরো জাতির আশা ছিল, পুরোনো ক্ষত ধুয়ে নিজেদের মাটিতে ‘হেক্সা’ জয়ের। কিন্তু সেই বিশ্বাস ধুয়েমুছে গেল বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে। ফুটবল বিশ্ব দেখল ব্রাজিলের দ্বিতীয় ট্র্যাজেডি—‘মিনেইরাজো’।
