করবিন বুলার্ড এলাকার জিওলজি ক্লাবের সদস্য। তার বয়স যখন মাত্র ১১ বছর, তখন ক্লাব থেকে একটি শিক্ষাসফরে গিয়ে সে মাটির নিচে অদ্ভুত বড় কিছু হাড়ের টুকরা খুঁজে পায়। পরে গবেষকেরা এগুলো পরীক্ষা করে জানান, এগুলো কোনো সাধারণ পশুর হাড় নয়। এটি আসলে আজ থেকে প্রায় ৮ কোটি ৫০ লাখ বছর আগে সাগরে রাজত্ব করা ১৫ ফুট লম্বা এক টাইলোসরাসের জীবাশ্ম। এই একটি ঘটনাই করবিনের জীবনের লক্ষ্য পুরোপুরি বদলে দেয়। সে এখন বড় হয়ে একজন জীবাশ্মবিদ হওয়ার স্বপ্ন দেখছে।

সাধারণত স্কুল বা ক্লাবের শিক্ষামূলক ভ্রমণ থেকে শিক্ষার্থীরা সুন্দর কিছু ছবি আর মজার সব গল্প নিয়ে বাড়ি ফেরে। কিন্তু যুক্তরাষ্ট্রের কানসাসের ছাত্র করবিন যখন বাড়ি ফিরল, তখন তার ব্যাগে ছিল জীবনের সবচেয়ে বড় আর চমকে দেওয়া এক আবিষ্কার। ২০২৫ সালের সেপ্টেম্বরের ঘটনা। করবিন তার ফোর–এইচ জুওলজি ক্লাবের বন্ধুদের সঙ্গে একটি পাথরখনিতে প্রাচীন সব পাথরের স্তর পরীক্ষা করছিল। সেখানে মাটি ও পাথর সরানোর সময় হঠাৎ অদ্ভুত আকৃতির বড় কিছু হাড়ের টুকরা তার চোখে পড়ে। করবিন প্রথমে ভেবেছিল, এটি হয়তো সাধারণ কোনো প্রাচীন ফসিল।

আসলে করবিন ও তার ক্লাবের সদস্যরা যে খনিটিতে অনুসন্ধান চালাচ্ছিলেন, সেখানে পাথরের স্তর ধসে মাঝেমধ্যেই নানা রকম প্রাচীন জীবাশ্ম বেরিয়ে আসে। এর আগেও এই দলের সদস্যরা সেখান থেকে প্রাচীন হাঙরের দাঁতসহ ছোটখাটো অনেক নিদর্শন খুঁজে পেয়েছিলেন। তবে করবিনের এই আবিষ্কার যে অন্য সবকিছুকে ছাড়িয়ে যাবে, তা তাঁরা দেখার সঙ্গে সঙ্গেই টের পেয়েছিলেন।



Source link