তরুণেরা শোনালেন সৈয়দ আব্দুল হাদীর গান
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় দেড় ঘণ্টাব্যাপী বিশেষ সংগীতানুষ্ঠান। সেখানে বর্তমান প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গানগুলো নতুন করে পরিবেশন করেন। আব্দুল্লাহ হেল রাশ তালুকদার গেয়েছেন ‘বাংলাদেশের ছবি এঁকে দিও’, শিল্পী স্বরণ পরিবেশন করেছেন ‘তোমাদের সুখের এই নীড়’, নোলক বাবু গেয়েছেন ‘চোখ বুঝিলেই দুনিয়া আঁধার, হায়রে’, আর অনন্যা পরিবেশন করেছেন ‘আমার অর্থই একবার যদি কেউ ভালোবাসত’।
এ ছাড়া পিয়াল হাসান গেয়েছেন ‘এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান’, নুজহাত সাবিহা পুষ্পিতা পরিবেশন করেছেন ‘আমি তোমারই প্রেম ভিখারি’, অপু আমান গেয়েছেন ‘এমনও তো প্রেম হয়’ এবং অপু আমান ও পুষ্পিতা দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘তুমি ছাড়া আমি একা’। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় ‘কি করে বলিবো আমি’, ‘কেন তারে এত ভালোবাসলাম’, ‘যেও না সাথি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘আউল বাউল লালনের দেশে’ ও ‘চোখের নজর এমনি কইরা’সহ তাঁর বহু জনপ্রিয় গান।
অনুষ্ঠানের শেষ পর্বে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় সৈয়দ আব্দুল হাদীর বহুল জনপ্রিয় দুটি গান ‘আছেন আমার মোক্তার’ এবং ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’। পুরো মিলনায়তন তখন গানে গানে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে।
সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০০ সালে একুশে পদক লাভ করেছেন।
