টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ বলেন, মা হাতিটি বিকেল পাঁচটার দিকে হঠাৎ নেটং পাহাড় থেকে নেমে সড়কে কিছুক্ষণ অবস্থান নেয়। এরপর হাতিটি হেঁটে পাশের কোস্টগার্ড কার্যালয়ে ঢুকে পড়ে। বিষয়টি বন বিভাগকে জানানো হলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে বনাঞ্চলের ভেতরে হাতিটি আহত হয়। তবে কীভাবে এটি আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও বন কর্মীরা জানান, বনাঞ্চল উজাড়ের কারণে পাহাড়ে বন্য হাতির তীব্র খাদ্যসংকট চলছে। হাতি চলাচলের করিডর, জলাশয়-ছড়াও সংকুচিত হয়ে পড়েছে। খাদ্যের সন্ধানে প্রায় সময় দল বেঁধে হাতিরা লোকালয়ে নেমে এসে লোকজনের ফসল গাছপালা খেয়ে ফেলছে।
