এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষজনের ক্ষোভের বহিঃপ্রকাশের বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত রয়েছেন। বিষয়টি নিয়ে জেলার প্রতিটি থানার পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এলাকায় মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। কেউ যাতে আইন হাতে তুলে না নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে ব্যাপারেও পুলিশ সজাগ আছে।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সেনবাগে মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলছাত্রের মৃত্যু ও সোনাইমুড়ীতে মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যে ঘটনায় যারাই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
