চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে উভয় সংগঠনের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছেন। এ সময় সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক’ সাজানোর অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী মোড় ঘুরে করে আবার একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দীকিসহ অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।
