ভিএআর দেখে কেইনকে আবারও পেনাল্টি নেওয়ার সুযোগ দেন রেফারি। এবার আর ভুল করেননি তিনি। নিজের চিরায়ত রান আপ নিয়ে এসে করেন লক্ষ্য ভেদ। লিভাকোভিচ এবার ঝাঁপ দিয়েছিলেন ভুল দিকে।

মজার ব্যাপার হলো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, রান-আপ বদলে ফেলার ঘটনা পুরোটাই পূর্বপরিকল্পিত। ‘আমি দেখেছি ও (লিভাকোভিচ) শট নেওয়ার আগে বেশ ছটফট করে। একটু এগিয়ে এসে সেভ দিতে চায়। তাই ভেবেছিলাম, যদি আমি একটু থেমে শট নিই, তাহলে হয়তো ও বেরিয়ে আসবে।’

হয়েছেও আসলে তা–ই। কেইনের শট থামিয়ে দিলেও লাইন থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। যদিও পেনাল্টি আবার নেওয়া হবে কী না, এ নিয়েই দোটানায় ছিলেন কিছুটা। ‘আমি ৮০ ভাগ নিশ্চিত ছিলাম, লাইনের বাইরে বেরিয়ে এসেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়বার যখন পেনাল্টি নেই, তখন আগের পদ্ধতিতেই ফেরত গিয়েছিলাম।’

‘প্রথম’ পেনাল্টি মিস করলেও পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হ্যারি কেইন। দুই গোল করে বাগিয়ে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। অন্যদিকে লিভাকোভিচও কম যাননি। ৪ গোল হজম করলেও গুনে গুনে সেভ করেছেন ৭টি।



Source link