শিশুদের পাঠাভ্যাসে পরিবারের প্রভাব
শিশু-কিশোরদের পাঠাভ্যাস নিয়েও জরিপে আলাদা প্রশ্ন ছিল। পরিবারে স্কুলগামী সদস্য আছে, এমন উত্তরদাতাদের মতে, অধিকাংশ শিশু-কিশোর পাঠ্যবইয়ের বাইরে কমবেশি বই পড়ে।
তবে শিশুদের বইবিমুখতার কারণ সম্পর্কে অভিভাবকদের মতামত বেশ স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ২ শতাংশ অভিভাবক বলেছেন, স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি শিশুদের বইবিমুখতার প্রধান কারণ। ৫৭ দশমিক ৫ শতাংশ একাডেমিক পড়াশোনার অতিরিক্ত চাপকে দায়ী করেছেন।
এ ছাড়া ৩১ দশমিক ৬ শতাংশ মনে করেন, শিশুতোষ বইয়ের অভাব একটি বড় কারণ। ৩০ দশমিক ৬ শতাংশ বলেছেন, খেলার মাঠ বা সৃজনশীল কাজের সুযোগ কমে যাওয়াও শিশুদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ২৬ দশমিক ৮ শতাংশ পারিবারিক অনুপ্রেরণার অভাবের কথা বলেছেন; আর ১২ দশমিক ৫ শতাংশ মনে করেন, বইয়ের উচ্চমূল্যও শিশুদের পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
