বাজারে সোনালি মুরগির দাম চড়া। খুচরা পর্যায়ে এক কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকা দরে। গত এক মাসের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে অন্তত ১০০ টাকা বেড়েছে। সাধারণত ঈদের পরে বাজারে মুরগির দাম কম থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
মুরগির খামারি, পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায় অনেক খামারি মুরগি পালন কমিয়ে দিয়েছেন। এ ছাড়া গত দুই–তিন মাসে রোগের আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যায় মুরগি মারা যায়। এ কারণে খামারে সোনালি মুরগির উৎপাদন কমেছে। ফলে সরবরাহ সংকটের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সোনালি মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া চলমান জ্বালানিসংকটও মুরগির মূল্যবৃদ্ধিতে কিছুটা প্রভাব ফেলেছে বলে জানান তাঁরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর কল্যাণপুর নতুন বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে এক কেজি সোনালি মুরগির দাম রাখা হয় ৪২০ থেকে ৪৩০ টাকা। পাড়ামহল্লায় তা ৪৫০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। আর কালারবার্ড নামে পরিচিত হাইব্রিড ধরনের সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৮০–৪০০ টাকায়।
বিক্রেতারা জানান, রোজা শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হয়েছিল। সাধারণত ঈদের সপ্তাহখানেক আগে মুরগির চাহিদা বেড়ে যায়; দামও বাড়ে। ওই সময় অর্থাৎ তিন সপ্তাহ আগে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছিল ৩১০–৩৪০ টাকায়। ঈদের পরে এই দাম কমার কথা। উল্টো বেড়েছে।
সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের এ সময়ের তুলনায় বাজারে সোনালি মুরগির দাম ৫২ শতাংশ বেশি। আর গত এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ।
