পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে মামাতো–ফুপাতো ভাই পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

মারা যাওয়া শিশু রাজু ইসলাম (১০) দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের বালাপাড়া এলাকার ভ্যানচালক রাশেদ হকের ছেলে। সে স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আর তার ফুপাতো ভাই লামিম হোসেন (১৩) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম-বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে। সে দেবীগঞ্জ উপজেলার ফুলতলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

মারা যাওয়া শিশু-কিশোরদের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান বলেন, লামিমের আট মাস বয়সে তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। জীবিকার তাগিদে লামিমকে নানার বাড়িতে রেখে তার মা লাকী আক্তার ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করেন। লামিম তার মামাতো ভাই রাজুর সঙ্গেই চলাফেরা করত। শুক্রবার দুপুরে তারা দুজন বাড়ির কাছাকাছি করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ করেই রাজু পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় দূরে দাঁড়িয়ে থাকা প্রায় আট বছর বয়সী একটি শিশু দৌড়ে তাদের বাড়িতে গিয়ে খবর দেয়। এরপর পরিবার ও স্থানীয় লোকজন এসে দুজনকেই না পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়দের ধারণা রাজুকে বাঁচাতে গিয়ে হয়তো লামিমও পানিতে তলিয়ে গেছে।

আবদুর রহমান আরও বলেন, ‘ডুবে যাওয়া দুই শিশু-কিশোরকে উদ্ধার করতে আমি নিজে স্থানীয় লোকজন নিয়ে নদীতে নামি। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুরের পর পানির নিচ থেকে শিশু রাজুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার আগে লামিমের লাশ উদ্ধার করে।’

বালাপাড়া এলাকার বাসিন্দা মুজাহিদ সরকার বলেন, ‘একসঙ্গে দুইটি শিশুর এমন মৃত্যুতে আমাদের পুরো গ্রাম শোকাহত। এভাবে দুইজনের একসঙ্গে মৃত্যু আর দাফন কখনোই কাম্য নয়। আমাদের জেলায় প্রায়ই নদীতে ডুবে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। রংপুর থেকে পঞ্চগড়ে ডুবুরি দল আসতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে। আমাদের জেলায় ফায়ার সার্ভিসে ডুবুরি দল সংযুক্ত করার দাবি জানাচ্ছি।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক বলেন, নদীতে ডুবে ওই দুই শিশু-কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



Source link