‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা ফালামু’, এমন কথা বলে মুখ চেপে ধরে তিন মাসের এক শিশুকে মায়ের সামনে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির সৎবাবার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মা।

আজ শুক্রবার ভোরে রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অপূর্ব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় অপূর্বর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, অপূর্ব তাঁর স্ত্রী ও ছেলেশিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব তাঁর স্ত্রীকে কান্না না থামালে শিশুকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। শিশুর কান্না বন্ধ না হওয়ায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। পরে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।

এ সময় শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করেন এবং তাঁকে থানায় সোপর্দ করেন।

অপূর্ব মাদকের মামলায় কারাগারে ছিলেন বলে জানান ওসি। এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিন মাসের শিশুসন্তানসহ রাজিয়াকে বিয়ে করেন।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



Source link