পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ২০১৬ সালের জুন মাসে সাফারি পার্ক প্রকল্পের (তৃতীয় সংশোধিত) একটি নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। তাতে পার্কে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৩ হাজার ৮১৩টি বন্য প্রাণী থাকার কথা বলা হয়। তবে বর্তমানে বিভিন্ন মাছ বাদ দিয়ে ৭টি বাঘ, ৫টি সিংহ, ২১টি ভালুক, হরিণসহ বিভিন্ন প্রাণী আছে এক হাজারের মতো।
সাভার থেকে স্বামী ও সন্তান নিয়ে ঘুরতে আসা শারমীন সুলতানা জানালেন, এর আগে একবার এসেছিলেন, সেবার কোর সাফারিতে বাঘ ও সিংহের দেখা পাননি। তবে এবার পেয়েছেন।
এই নারী কোর সাফারিতে যাওয়ার বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়া নিয়ে বিরক্ত। কারণ, গরমে কাহিল হতে হয়েছে তাঁদের।
খবর নিয়ে জানা গেল, পার্কের দুটি জিপ নষ্ট। জলবায়ু ট্রাস্ট ফান্ডে কেনা বাস একটি নষ্ট, সাতটি চালু আছে। এগুলোর মধ্যে মাত্র দুটিতে এসি কাজ করে। দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার ও রিসোর্ট ছিল তিনটি। বর্তমানে মাত্র একটি চালু আছে।
