বৈশাখের প্রখর রোদ উপেক্ষা করে তেল নিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেলচালকেরা। জ্বালানির দাম বাড়ার পরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেই সংগ্রহ করতে হচ্ছে তেল। শুধু মোটরসাইকেলচালকেরাই নন; বাসাবাড়ি, মার্কেটের জেনারেটর ও গাড়ির জন্যও তেল সংগ্রহ করতে ড্রাম ও বোতল হাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অনেককে। তেলসংকটের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যাচ্ছে। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ।
