রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘ব্লকরেইড’ শুরু করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টা থেকে এই অভিযান শুরু হয়েছে। পুলিশ বলছে, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এই অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, আজ রাত ৮টায় পুরো মোহাম্মদপুর এলাকায় ব্লকরেইড শুরু হয়েছে। মোহাম্মদপুরের কোনো এলাকা এ অভিযান থেকে বাদ যাবে না। রাত ৮টায় শুরু হওয়া এই ব্লকরেইড অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে।

মোহাম্মদপুরের অপরাধ নিয়ে আজ রোববার প্রথম আলোতে ‘মোহাম্মদপুর কি ঢাকার সিটি অব গড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘খুন, দখল, চাঁদাবাজি—মোহাম্মদপুরে এই ধারা চার দশকের বেশি সময় ধরে চলছে। সময় যত গেছে, অপরাধের ধরন তত বদলেছে। নতুন নতুন অপরাধী দল তৈরি হয়েছে। অপরাধ ও অপরাধী দলের তৎপরতা এখনো আছে এবং তা আগের চেয়ে বেশি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে এখন অর্ধশত অপরাধী দল সক্রিয়। এর মধ্যে বড় অপরাধী দল ১৭টি। প্রতিটি দলে ১৫-২০ জন করে অপরাধী রয়েছে।

এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগ এলাকায় আজ রোববার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকার ১৬ জন, শেরেবাংলা নগর থানার ৭ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকার ২০ জন রয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হোসেন ওরফে শাকিল (২৫), মো. মিলন (৩৪), মো. নয়ন (২০), আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫), মোছা. জেরিন (৩৫), মোছা. কুলসুম (৩০), মোছা. আছিয়া (৪০), মো. আবুল হাসনাত রিয়াত (১৮), মো. রাসেল রুবেল ইসলাম (৩১), মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫), মমিনুল ইসলাম (৩৩), মো. সাগর (২৫), শাকিল (২০), রাকিবুল হাসান (২৬), রোমান খাঁন (২০), স্বপন ব্যাপারী (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. নঞ্জু (৩৫), মো. শহিদুল ইসলাম (২২), মো. রাব্বি (২১), মো. সজল হাওলাদার (২২), খায়রুল আলম মিলন (২৫), ইয়াছিন (২১), আরব শাহী আরমান (২৩), মো. শাহিন (১৮), মো. আহাদ (১৮), মো. জোবায়ের ইসলাম (২১), মো. কালু ব্যাপারী (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মনির হোসেন দিদার (৩৮), তানভীর ইসলাম (১৪), মো. পান্নান প্রধান (৩২), মো. শাহীন (৩৪), মো. ইমরান ফকির, মো. রুবেল হোসেন, মো. হেলাল (৩৭), মো. তারেক শরীফ (২৫), রুবেল (২৭), মো. তাহমিদুল ইসলাম (৪০), মো. সজিব, মো. আমজাদ হোসেন (৪০), মো. হৃদয় তানভীর (২৩), মো. হেলাল গাজী (৩০), মো. কাজিমুদ্দিন কাজল (৩৫), মো. হযরত আলী (৩০), মো. মিলন (২৫), মো. আকাশ মিয়া (২৪), মো. রবিউল মিয়া (২২), মো. আশিকুর রহমান (৩০), মোছা. মালা বেগম (৩৬), মো. সাজু মিয়া (৩৬), মো. আলমগীর (৪০) ও মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২)।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



Source link