নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সবুজ রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া অভিযুক্ত শহিদুল মণ্ডল (৫০) ও শাহিন মণ্ডলকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। শহিদুল ও শাহিন সম্পর্কে বাবা-ছেলে।
নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বুধবার বিকেলে আসামি সবুজ রানার জবানবন্দি রেকর্ড করা হয়। গ্রেপ্তার অন্য দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চাঁদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সম্পত্তির ভাগ–বাঁটোয়ারা নিয়ে সবুজ রানাসহ অন্য আসামিরা ক্ষুব্ধ ছিলেন। আগেও সবুজ রানা তাঁর মামা হাবিবুর রহমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরিকল্পনা করে মামা-মামি ও তাঁদের দুই ছেলে–মেয়েকে হত্যা করেন।
